মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরসহ অন্যান্যরা।সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, নারী শিক্ষার অগ্রপথিক বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন নারী জাগরণ ও অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ। তাঁর সংগ্রাম আজকের বাংলাদেশে নারী উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। তারা বলেন, নারীর প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, বর্তমান সরকার নারীর আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কর্মক্ষেত্র থেকে পরিবার—সব জায়গায় নারী আজ এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেগম রোকেয়ার শিক্ষা ও দর্শন আমাদের এখনও গভীরভাবে প্রেরণা জোগায়। আজকের মেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের সাফল্য সমাজের অন্য নারীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
আলোচনা সভা শেষে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। তাঁদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত অতিথিরা নারী উন্নয়নে সরকারি উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
2