রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বদরগঞ্জ মহিলা কলেজ সরকারীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।।

‎রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ‘বদরগঞ্জ মহিলা কলেজ’ সরকারীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে কলেজটি সরকারীকরণের প্রয়োজনীয়তার নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

‎

‎সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়।

‎

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদীয় আসন-৩০৮ (মহিলা আসন-০৮) এর সংসদ সদস্য জনাব সাকিলা ফারজানা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাধীন ‘বদরগঞ্জ মহিলা কলেজ’ সরকারীকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন জমা দেন। সেই আধা-সরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎

‎প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই সরকারি পত্রে উল্লেখ করা হয়েছে, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাধীন ‘বদরগঞ্জ মহিলা কলেজ’ সরকারীকরণের লক্ষ্যে দ্রুত সম্ভাব্যতা যাচাই করতে হবে। এরপর কলেজটির অবকাঠামো, শিক্ষার্থী সংখ্যা এবং এলাকার শিক্ষাগত চাহিদার নিরিখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে এই বিষয়ে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার একটি অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

‎

‎এই পত্রের অনুলিপি অবগতির জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সংসদ সদস্য জনাব সাকিলা ফারজানা, শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

‎

‎এলাকাবাসীর মতে, বদরগঞ্জ মহিলা কলেজটি সরকারীকরণ করা হলে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসার ও মানোন্নয়নে তা এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনার পর স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category