ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন দুর্জয় রহমান অনিক (২৬) নামে এক যুবক। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলনে করেছে।লিখিত আবেদনে দুর্জয় রহমান অনিক উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া গ্রামের রবি ঘোষ নামে এক ব্যক্তির মাদক ব্যবসার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেন এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে সহযোগিতা করেন বলে দাবি করেন তিনি।আবেদনে বলা হয়, মাদকসংক্রান্ত মামলায় রবি ঘোষের সাজা হওয়ার পর থেকেই তার সহযোগীরা দুর্জয় রহমানের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর রবি ঘোষের সহযোগী হিসেবে উল্লেখ করা রাসেল মিয়া ও তার ভাইয়ের বিরুদ্ধে তাকে এবং তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনিদুর্জয় রহমান অনিক বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল মিয়া বলেন, “আমি ও আমার বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এ ধরনের কোনো হুমকি দিইনি। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানাচ্ছি।”
দুর্জয় রহমান অনিক আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে তুলে ধরে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে রবি ঘোষের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।