বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুপুরের পর থেকেই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই জ্বর, সর্দি, পানিশূন্যতা ছাড়াও ভাইরাল সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের মধ্যে হাম, শরীরে লালচে র্যাশ এবং বিভিন্ন ধরনের এলার্জিজনিত সমস্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিদিনই ডায়রিয়া, জ্বর, ঠান্ডাজনিত সমস্যা ও ত্বকের রোগ নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, “বর্তমান গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাল জ্বর, হাম ও ত্বকের এলার্জি দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।” একজন অভিভাবক জানান, “আমার শিশুর শরীরে হঠাৎ করে র্যাশ দেখা দিয়েছে এবং জ্বর এসেছে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার বলছেন এটি ভাইরাল সংক্রমণের কারণে হতে পারে।” এদিকে খেটে খাওয়া মানুষদের কষ্ট আরও বেড়েছে। দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের প্রচণ্ড গরমের মধ্যেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শরীরে র্যাশ বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বৃষ্টিপাতের প্রত্যাশা করছেন, যাতে করে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.