শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলন : খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পুশ করা চিংড়ি শনাক্ত করে ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। পুশ করার সঙ্গে জড়িত থাকার দায়ে দিলীপ বৈদ্যকে আটক করা হলে মোবাইল কোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশ করা চিংড়ি শুধু ভোক্তার জন্য ক্ষতিকর নয়, এটি দেশের চিংড়ি শিল্প ও রপ্তানি বাজারের সুনামও ক্ষুণ্ন করে। পুশবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.