রংপুর, প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসা সংকটের প্রেক্ষাপটে তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর– ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামাতে ইসলামি মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আগামীকাল ১ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস, আদর্শ ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে যে অবদান রেখে গেছেন, তা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে তাঁর নির্ভীক অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং আন্দোলনে নেতৃত্ব ইতিহাসের স্বর্ণপাতায় লিপিবদ্ধ থাকবে।” নায়েবে আমীর উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও সাজানো মামলায় তাঁকে বন্দি রেখে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা শারীরিকভাবে তাঁকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর স্বাস্থ্য আরও সংকটাপন্ন হয়েছে। ক্রমাগত চিকিৎসাবঞ্চনা ও অবহেলা তাঁর রোগভোগকে বাড়িয়ে তুলেছে, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী।”
বিবৃতিতে এটিএম আজহারুল ইসলাম সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি মিলায় আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এখন গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন এবং জাতির সামগ্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার যে মুহূর্ত, সেখানে তাঁর অভিজ্ঞতা জাতির জন্য দিকনির্দেশক ভূমিকা রাখবে বলে জনগণ প্রত্যাশা করে।” এ সংকটময় সময়ে পরিবারের সদস্য, দলের নেতা-কর্মী এবং সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানান নায়েবে আমীর। তিনি বলেন, “দেশ যে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে, সেখানে নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও প্রত্যাবর্তনই হবে গণতন্ত্রের শক্তি পুনর্গঠনের অন্যতম ভিত্তি। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর পূর্ণ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদ রাখুন।” বিবৃতিতে তিনি দেশের সর্বস্তরের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.