কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাব বহনকারী নছিমনের সঙ্গে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মোরেলগঞ্জের দোনা গ্রামের জামাল মাস্টারের ছেলে সোয়েব হোসেন (১৬), একই গ্রামের নজরুল খানের ছেলে আমিন খান (২২) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)। তাঁরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা তিনটি মোটরসাইকেল পরপর নছিমনটির সঙ্গে সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিদের মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সিফাত খান তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও গুলিশাখালী গ্রামের রিয়াজুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তাঁর স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন