মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অমান্য করে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়ায়।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার বিমল চন্দ্র ঘোষের সঙ্গে একই গ্রামের মোঃ আমজাদ হোসেনের মধ্যে প্রায় ২২ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। সর্বশেষ গ্রাম্য প্রধানদের উপস্থিতিতে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, ওই সিদ্ধান্তের কিছুদিন পর মোঃ আমজাদ হোসেন নির্ধারিত সীমানা অমান্য করে বিতর্কিত জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ ববি ঘোষ বলেন, আমরা পরিবারসহ বগুড়ায় বসবাস করি। আমাদের জায়গায় জবরদখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গ্রামে এসেছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে আপাতত কাজ বন্ধ রেখেছে। আমরা ন্যায় বিচার চাই।
ভুক্তভোগী বিমল চন্দ্র ঘোষ দাবি করেন,এটি আমাদের পৈতৃক সম্পত্তি এবং খতিয়ানভুক্ত জমি। প্রতিপক্ষ যে জমি কিনেছে, সেটি আমাদের এই জায়গা নয়; বাড়ির পেছনের অংশ। রাস্তার সামনের জমিটি আমার। গ্রাম্য সালিশে সীমানা নির্ধারণ করা হলেও তারা তা মানছেন না।
অন্যদিকে, অভিযুক্ত মোঃ আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, জমি মাপার সময় আমি উপস্থিত ছিলাম না। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। তারা আমাকে দখল দিচ্ছে না। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের আইনজীবীর পরামর্শেই আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.