মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক ,নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েছেন জাপান প্রবাসী এক দম্পতি ও তাদের পরিবার। ডাকাতদের হামলায় ভুক্তভোগীরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন এবং অভিযোগ অনুযায়ী, ডাকাতেরা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, দামি মুঠোফোন ও নগদ টাকা মিলিয়ে ৩০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুটে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে। ভুক্তভোগী প্রবাসী আরমান (৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী আরমান তার স্ত্রী ও সন্তান নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন। গাড়িটি মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র—চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে গাড়িটির গতিরোধ করে। ডাকাতেরা গাড়িটি থামিয়ে চালকসহ আরমান ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এরপর অস্ত্রের মুখে প্রায় ১৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি স্মার্টফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় পথ দিয়ে যাচ্ছিলেন এমন একজন মোটরসাইকেল আরোহী জানান, "দূর থেকে ৫-৬ জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয়ে বাইক থামিয়ে দিই। আমি যখন দূরে দাঁড়িয়ে ছিলাম, ঠিক তখনই ওই হাইয়েস গাড়িটিতে ডাকাতির ঘটনাটি ঘটে।"
পুলিশ চেকপোস্টের সন্নিকটে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, "ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পড়লেও তা মূল মহাসড়কে ঘটেনি। এটি ঘটেছে মহাসড়কের পাশে নিচের একটি সংযোগ সড়কে।"
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, "আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি, তবে এখনও সুস্পষ্ট কোনো ক্লু পাওয়া যায়নি। চেকপোস্টের সামনে ঘটনাটি ঘটেছে কি না, তা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা সম্ভব।"
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে ভুক্তভোগী প্রবাসী দম্পতির পক্ষে জাপান যাত্রা সম্ভব হয়নি। ডাকাতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.