নিজস্ব প্রতিবেদক, রংপুর:
২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক দলই জনগণের ওপর জুলুম করবে বা জালিমে পরিণত হবে, তাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই পতিত ও অবমাননাকর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো: আশরাফুল আলম আশরাফ।
আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণআকাঙ্ক্ষা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি এই কঠোর বার্তা দেন।
বিবৃতিতে গণঅধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা বলেন, "দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা নিজের রক্ত দিয়ে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান সফল করেছে। এই অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠন করা। জনগণের এই ত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামকে কোনো রাজনৈতিক দল বা শক্তি যদি নিজেদের ব্যক্তিস্বার্থ বা দলীয় আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তবে দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।"
মো: আশরাফুল আলম আশরাফ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "ইতিহাস সাক্ষ্য দেয়, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে কিংবা গণআকাঙ্ক্ষাকে পুঁজি করে ক্ষমতায় এসে পরবর্তীতে জালিমে পরিণত হয়েছে, তাদের বিদায় সুখকর হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এবং সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যে পতন ডেকে এনেছে, তা প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি বড় শিক্ষা।"
তিনি আরও যোগ করেন, "২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি ও জুলুমের স্থান হতে পারে না। যে দলই এই নতুন বাংলাদেশে এসে পুনরায় পুরোনো জাঁতাকলে জনগণকে পিষ্ট করার চেষ্টা করবে, কিংবা জালিমে পরিণত হবে, সচেতন ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে এবং সেই দলকেও আওয়ামী লীগের মতো একইভাবে ইতিহাসের আর্বজনায় পতিত হতে হবে।"
তিনি দেশের সকল রাজনৈতিক শক্তিকে গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সাথে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদ আপসহীনভাবে কাজ করে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.