রংপুর প্রতিনিধি:
“দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১০০ জন নারী দুগ্ধ খামারীর অংশগ্রহণে “নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার বদরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারিকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ ছাকনি) প্রদান হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ শিল্প নারীর ক্ষমতায়নের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরী। এ ধরনের প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আঞ্জুমান সুলতানা, বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা: স্বপন চন্দ্র সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডা: মূসা আহমেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব ডা: মো: মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার জনাব ডা: রিপন মিয়া ও ভেটেরিনারি সার্জন জনাব ডা: মো: আনারুজ্জামান। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আল-আমিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মো: সাইদুল ইসলাম।
প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্র্যাক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধি করতে যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারী খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে করে নারীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে দেশের দুগ্ধ শিল্প আরো উন্নত ও টেকসই হবে।
প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন। তারা নিজেদের ক্ষমতায়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এছাড়াও প্রশিক্ষণের অন্যান্য আলোচকদের মধ্যে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের সিনিয়র ম্যানেজার জনাব ডা: মো: মিজানুর রহমান নারীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, অল্প পুঁজি দিয়ে গাভী পালন করে নারীরা খুব সহজেই তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারে। তাই ব্র্যাক ডেইরি দক্ষ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি নারী দুগ্ধ খামারিদের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন।
এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর এবং পার্বতীপুর উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।