নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বদরগঞ্জ শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা বন্ধের আহ্বান জানান। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা দাবি করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই।

‎সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির বদরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদ প্রামাণিক। তিনি বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে যে হামলা হয়েছে, তা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ ধরনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আরও ক্ষতিগ্রস্ত হবে।

‎জাতীয় নাগরিক পার্টি বদরগঞ্জ উপজেলা শাখার

‎যুগ্ম সমন্বয়কারী আশরাফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনি সংকেত। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক দিপু মিয়া, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আশরাফুল ইসলাম, সদস্য সচিব অনুভব শাহা এবং ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি ইসলাম শুভ। এছাড়াও দলটির উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

‎বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে সংঘটিত হামলায় কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মিডিয়া টিমও হামলার শিকার হয়েছে। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

‎মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার জন্য এনসিপি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে এবং রাতেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালনের সাংগঠনিক নির্দেশনা জারি করে।

‎সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই বদরগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা দেশের সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।