নিজস্ব প্রতিনিদি  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাজারে অবস্থিত পীর বাদশা মিয়া (রহ.) নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সরকারি জি’আর চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫–২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া ২ টন চালের মধ্যে মাত্র ১ টন এতিমখানায় পৌঁছেছে বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। বাকি ১ টন চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে স্থানীয় প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর কাজীর বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মো. শাহাদাত হোসাইন জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা ও এতিমখানায় বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। গত বছর বেফাক বোর্ডের পরীক্ষায় প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে। তবে শিক্ষক-কর্মচারীদের বেতন, এতিম শিক্ষার্থীদের ভরণ-পোষণ এবং প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আলমগীর কাজী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি কোনো অনিয়ম বা আত্মসাতের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের স্বার্থে মাদ্রাসাটির জন্য নিয়মিত সরকারি সহায়তা, আধুনিক একাডেমিক ভবন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।