হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ থানাধীন ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় রিয়াজ হোসেনকে আটক করে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার রঘুনাথপুর এলাকার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) গ্রামের সুলতান মিয়ার ছেলে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে সোমবার যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়।
হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।