দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন বিএনপির নেতারা। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বলেন, ‘জামায়াতে ইসলামী সারা জীবন বাংলাদেশের বিরোধিতা করেছে, এখনো করছে। ১৯৭১ সালে তারা দেশের স্বাধীনতা চায়নি। এখন ’২৪-এর চেতনা নিয়ে হৈচৈ করছে। রাষ্ট্রক্ষমতায় বিএনপি থাকা সত্ত্বেও তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং বিএনপিকে ফ্যাসিস্ট বলছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড নীতিকে একসময় জামায়াতে ইসলামী তুচ্ছ করেছে। এখন আবার তারা অন্যায়ভাবে ফ্যামিলি কার্ডের গণনাকারীর তালিকায় উঠার পায়তারা করছে।শহিদুল হক বাবুল অভিযোগ করেন, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতের এমপি নির্বাচিত হওয়ার পর গত কয়েক মাসে এমপির কোটা থেকে এ আসনের প্রতিটি ইউনিয়নে ৩০ লাখ টাকা ও ১০৪ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ বণ্টনের বিষয়ে জামায়াতের নেতারা বিএনপির সঙ্গে কোনো আলোচনা করেননি।
এ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম জাতীয় নির্বাচনে সহজ সরল মায়েদেরকে ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট দিয়ে ভোট আদায় করেছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতা শহিদুল হক বাবুল।এর আগে সোমবার (২৪ আগষ্ট) রাতে জামায়াতের নেতৃবৃন্দ মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা ফ্যামিলি কার্ডের গণনাকারি ও সুপারভাইজার নিয়োগে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তোলেন বিএনপির বিরুদ্ধে। বিএনপির নেতৃবৃন্দ জামায়াতের ওই অভিযোগ প্রত্যখ্যান করেন এবং নিন্দা জানান।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,বি,এম,রেজাউল করিম সোহাগ সহসভাপতি ফারুক হোসেন সামাদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, মশিউর রহমান শফিক, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মুক্তা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।