কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো সিসি ক্যামেরা। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এমপি।
মাদরাসার সুপার অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সহ সুপার সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন, জামাত নেতা রফিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান মনির, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মঈনুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল আলীম এমপি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা সহজ হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

মাদ্রাসার সুপার অধ্যাপক মাওলানা  শাহাদাৎ হোসাইন বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসার সার্বিক পরিবেশ নজরদারিতে থাকবে এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।