নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা-শিবপুর এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাঁর চাচা শ্বশুরের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাটরা-শিবপুর মজুমদার বাড়ির বাসিন্দা শাহজাহান মজুমদার উপজেলার সেন্দ্রা বাজারে ফলের পাইকারি ব্যবসা করেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ,ডাটরা-শিবপুর কাজী বাড়ি এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে শাহজাহান মজুমদারের দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে। সম্প্রতি তাদের চলাফেরা ও যোগাযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেন,একপর্যায়ে ওই নারী ও শাহজাহান মজুমদারকে আপত্তিকর অবস্থায় দেখেছেন তারা। স্থানীয়দের ভাষ্য,ঘটনাটি টের পেয়ে শাহজাহান মজুমদার জুতা ও জামা রেখে খালি গায়ে ঘটনাস্থল থেকে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ঘটনার পরের দিন ওমর ফারুক নামের স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলে করে শাহজাহান মজুমদারকে এলাকা থেকে নিয়ে যান।
এ বিষয়ে ওমর ফারুক বলেন, “আমি বিষয়টি জানতাম না। না জেনে তাকে নিয়ে এসেছি। পরে একজন আমাকে ফোন করে বিষয়টি জানায়।”
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে শাহজাহান মজুমদারের স্ত্রী ও মেয়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণ হয়েছে বলেও স্থানীয় কয়েকজন দাবি করেন।
অভিযোগের বিষয়ে শাহজাহান মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এ কথা আপনাদের কে বলেছে? আপনারা আমার সঙ্গে আমার এলাকায় চলেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”