শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন।
সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে তাদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তাকে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অযথা সংকোচ,বিড়ম্বনা কিংবা মধ্যস্বত্বভোগীর হয়রানির শিকার না হন—এ বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় লাগানো হয়েছে ব্যতিক্রমী একটি সাইনবোর্ড। এতে লেখা রয়েছে— ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে আরও লেখা— ‘ধাক্কা দিন, দরজা খুলে যাবে।’
ইউএনও কার্যালয়ের দরজায় এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পাশাপাশি সরকারি কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলা ও সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের সংকোচ দূর করার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে,সরকারি দপ্তরকে সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত ও জনবান্ধব করার ক্ষেত্রে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে নাগরিকদের মধ্যে সরকারি সেবা গ্রহণের বিষয়ে আস্থা বাড়বে এবং কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হবে।
এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।’
তার এমন উদ্যোগে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।