মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলায় মালিককে না জানিয়ে ট্রাক্টর ব্যবহার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর গ্রামের দক্ষিণপাড়ার সালাম মোল্লার ছেলে মিতুন মোল্লা প্রতিবেশী জিব্রীল মোল্লার ছেলে আশিক মোল্লার জমিতে চাষাবাদ শেষে জমির পাশে তার ট্রাক্টরটি রেখে যান। পরবর্তীতে জমি চাষের কাজ মনঃপূত না হওয়ায় আশিক মোল্লা মিতুনের অনুমতি ছাড়াই ট্রাক্টরটি নিয়ে নিজের জমিতে চাষ করেন। এতে ট্রাক্টরটির সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এ ঘটনায় মিতুন মোল্লা আশিক মোল্লার কাছে বিষয়টি জানতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশিক মোল্লার হাতে থাকা হাসুয়ার আঘাতে মিতুন মোল্লা আহত হন বলে জানা গেছে।
পরে মিতুন মোল্লা ঘটনাস্থল থেকে বাড়িতে গিয়ে তার ভাই নাহিদকে ডেকে নিয়ে আসেন। এরপর তারা আশিক মোল্লাকে ঘটনাস্থলে পেয়ে লাঠি দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আশিক মোল্লা গুরুতর আহত হন।
আশিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়। অপরদিকে আহত মিতুন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে দুই পক্ষের আহত দুইজন পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।