আঃ রাজ্জাক (রিয়াদ) রংপুর ব্যুরো:

‎রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে গ্যারেজে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে বাসটির ইঞ্জিন, আসনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াত নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রংপুর নগরীর পর্যটন মোড় এলাকায় পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পার্কিং স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‎

‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে কে বা কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে তিনি রংপুর শহরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২৮ আসনের বাসটি কিনেছিলেন। এই বাসের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। তিনি বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনের নির্ধারিত গ্যারেজে রাখা হয়েছিল। রাতে সবাই স্বাভাবিকভাবে যার যার কাজে চলে যান। কিন্তু ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর দীর্ঘদিনের পরিশ্রমে কেনা বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

‎

‎নাহিদ ইকবাল মাসুম আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের কথা চিন্তা করে অনেক কষ্টে বাসটি কিনেছিলেন। এভাবে বাসটি পুড়িয়ে দেওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নে এ ঘটনা বড় ধরনের ধাক্কা দিয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

‎

‎বাসচালক আখতার হোসেন জানান, গত ১৪ নভেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি যথারীতি কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা হয়েছিল। মঙ্গলবারও শিক্ষার্থীদের পরিবহন শেষে একই স্থানে বাসটি রাখা হয়। বুধবার ভোররাতে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যেতে দেখেন তিনি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাসটি চালিয়ে আসছেন। এভাবে বাসটি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি হতবাক। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার ও হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান তিনি। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের বলে শনাক্ত করেন। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি।

‎

‎এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।