নিজস্ব প্রতিবেদক
গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে রংপুরের বদরগঞ্জ উপজেলা। একুশের প্রথম প্রহরে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় বদরগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ মিনার প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি হাসান জাহিদ সরকার বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের এই আত্মদান চিরকাল জাতির হৃদয়ে অম্লান থাকবে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালি জাতির জন্য নয়, সমগ্র বিশ্বের ভাষাভাষী মানুষের জন্য গৌরবের দিন। আমাদের নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ধারণ করতে হবে।” উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার দাবিতে প্রাণ উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত শহীদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ দিবসটি ১৯৯৯ সালে UNESCO কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে বিশ্বজুড়ে দিবসটি ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরতে পালিত হয়ে আসছে। বদরগঞ্জে দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুলিশের এই শ্রদ্ধাঞ্জলি স্থানীয়দের মাঝে দেশপ্রেম ও ভাষার প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেয়।
রিয়াদ ইসলাম / দৈনিক ইবিনিউজ২৪ডটকম