মারুফ হাসান, হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হকারকে এক মাস করে কারাদণ্ড দেয়া। একই সাথে যাত্রীবাহী দুটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার ৭ মার্চ সকাল ১১টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে তিন হকারকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া নিয়ম ভঙ্গের দায়ে যাত্রীবাহী ‘আইদি’ ও ‘বোগদাদ’ নামের দুটি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাহেদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।