রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি: রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রংপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু এর সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের তিলোত্তমা হোটেলে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল, রংপুর জেলা শাখা। এতে মহানগর, ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেত্রীবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের নারী নেতৃত্বের কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণের এক ঐতিহাসিক সমাবেশ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুজ্জামান সামু বলেন, রংপুর বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির শক্তি হলো আপনাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীরা। আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী মহিলা দলই মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। নারী সমাজকে জাগিয়ে তুলতে পারলেই আমরা বিজয়ী হব। তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল একটি আসনের লড়াই নয় এটি গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সংগ্রামে মহিলা দল হবে আমাদের প্রথম সারির সৈনিক।
সামু মহিলা দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ঘরে ঘরে যেতে হবে, নারী ভোটারদের সঙ্গে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে কেন পরিবর্তন দরকার। নারীরাই পারেন সমাজে পরিবর্তনের সূচনা করতে। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। তিনি বলেন, আমরা রংপুরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা রক্ষা। আসন্ন নির্বাচনে আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেব। তিনি আরও বলেন, নারীরা যখন মাঠে নামে, তখন কোনো শক্তিই তাদের ঠেকাতে পারে না। আমাদের কর্মীরা ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে কাজ শুরু করেছে। আমরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছি।
রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক বলেন, আমরা তৃণমূল থেকে উঠে আসা কর্মীরা আজ এক পতাকাতলে ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা রাজনীতির প্রতিটি পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, এই সরকারের দমননীতি ও নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা নারীদের অধিকার রক্ষায়, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বিএনপির পাশে আছি। সভায় অংশগ্রহণকারী স্থানীয় নেত্রীরা বলেন, তারা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ডে সভা, লিফলেট বিতরণ ও নারী ভোটারদের সাথে মতবিনিময় চলছে।একজন ওয়ার্ড নেত্রী বলেন, নারীরা এখন রাজনীতিতে আগ্রহী। তারা চায় পরিবর্তন, চায় ন্যায়। আমরা প্রতিটি নারী ভোটারের কাছে পৌঁছে ধানের শীষের বার্তা পৌঁছে দেব।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। মহিলা দলের নেত্রীবৃন্দ আহ্বান জানান নারীরা যেন সাহসের সঙ্গে অন্যায়, নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়। সভা শেষে উপস্থিত সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। মোঃ সামসুজ্জামান সামু সমাপনী বক্তব্যে বলেন, এই ঐক্যই আমাদের শক্তি। মহিলা দলই আগামী নির্বাচনে বিজয়ের সোপান তৈরি করবে। আসুন, আমরা সবাই মিলে রংপুরকে আবারও গণতন্ত্রের দুর্গে পরিণত করি। সভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে তিলোত্তমা হোটেল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এ সময় মহিলা দলের ১০নং ওর্য়াড শাহিদা বেগম,১১ নং ওর্য়াড সুমি আক্তার,১২ নং ওয়ার্ড খাদিজা ইয়াসমীন,১৩ নং ওয়ার্ড আয়েশা বেগম,১৫নং ওয়ার্ড মনিষ খাতুন,১৮ নং ওয়ার্ড রোজিনা বেগম, ২২নং ওয়ার্ড তাহরিমা আক্তার এমিলি,২৩ নং ওয়ার্ড মুক্তা বেগম,২৪ নং ওয়ার্ড হেনা পারভীন,২৫ নং ওয়ার্ড ইসমত আরা,২৬নং ওয়ার্ড নারগিছ পারভীন,২৯ নং ওয়ার্ড সুলতানা পারভীন, ৩০ নং ওয়ার্ড সেলিনা পারভীন, সভাপতি এবং সাধারন সম্পাদক ১০ নং ওর্য়াড মোখলেছিনা আক্তার মুন্নী,১১ নং ওয়ার্ড এসমত আরা,১২নং ওর্য়াড সুইটি বেসম,১৩ নং ওর্য়াড সালমা বেগম,১৫ নং ওর্য়াড নীলা আক্তার,১৮ নং ওর্য়াড কেয়া বেগম,২২ নং ওর্য়াড মুস্তারি বেগম,২৪ নং ওয়ার্ড আফরোজা বেগম মনি,২৫ নং ওয়ার্ড ফেন্সি বেগম,২৬ নং ওর্য়াড জান্নাতুল ফেরদৌস জেমি,২৯ নং ওয়ার্ড শিউলি বেগম,৩০ নং ওয়ার্ড রাশেদা বেগম।