হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, ১১ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ
চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএসে বিরূপ তথ্য না পাওয়ায় এবং অভিভাবকদের জিম্মায় রাখার আশ্বাসের ভিত্তিতে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটক কিশোরদের রাতে ঘোরাফেরার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। কিশোররা ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করবে না—এমন আশ্বাস দিলে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রেস রিলিজে আরও জানানো হয়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।