মারুফ হাসান,চাঁদপুর(হাজীগঞ্জ)প্রতিনিধি: ১১ মার্চ সকাল থেকে ঈদ কে সামনে রেখে হাজীগঞ্জ বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলার হকাস মার্কেটসহ বিভিন্ন শপিং সেন্টার ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার।
ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। নতুন জামা-কাপড়, জুতা, কসমেটিকস ও বিভিন্ন ঈদ সামগ্রী কিনতে পরিবারের সদস্যদের নিয়ে শপিং করতে আসছেন ক্রেতারা।
তারা বলেন, ঈদকে আনন্দময় করতে পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে বাজারে এসেছি তবে অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেশি বলে মন্তব্য করেছেন। এদিকে দোকানিরা জানান, রমজানের শুরুতে বিক্রি কম থাকলেও এখন বেচাকেনা বেশ ভালো চলছে। ঈদ পর্যন্ত এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা। হাজীগঞ্জ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও লক্ষ্য করা গেছে।