বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃখুলনার দিঘলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক খিলি পানের ক্ষুদ্র দোকানদারকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতের নাম তারক বিশ্বাস (৪৪)। তিনি উপজেলার জঙ্গুশিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সুধীর বিশ্বাসের ছেলে।
অভিযোগ রয়েছে, একই এলাকার পূর্বপাড়া নিবাসী বিল্লাল শেখের ছেলে আমিনুর শেখ (৩৮) এ হামলার সঙ্গে জড়িত। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারক বিশ্বাস প্রতিদিনের মতো একটি খাটের ওপর বসে খিলি পান বিক্রি করছিলেন। এ সময় আমিনুর শেখ তার দোকানের সামনে একটি ইজিবাইক রেখে দেন। ইজিবাইকটি সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুর শেখ ক্ষিপ্ত হয়ে তারক বিশ্বাসকে কিল-ঘুষি মারেন এবং বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তারক বিশ্বাসকে উদ্ধার করে গাজীরহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে দিঘলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আমিনুর শেখের বিরুদ্ধে পূর্বেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এমনকি ঘের এলাকায় সংঘবদ্ধভাবে নেশার আসর বসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বলেন, “ভিকটিমকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”