রংপুর প্রতিনিধি: রিয়াদ ইসলাম
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো: আল এমরান সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন-এর বিশেষ নির্দেশক্রমে এই দায়িত্ব প্রদান করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রংপুর মহানগর এলাকায় সংগঠনের ভিত্তি আরও মজবুত করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে সক্রিয় রাখা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিগুলোকে গতিশীল করার লক্ষ্যেই এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আশা করছে, নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়কের নেতৃত্বে মহানগর শাখা আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আল এমরান সুজন বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা আমার জন্য গর্বের। এই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রংপুর মহানগরে গণঅধিকার পরিষদকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, দলীয় আদর্শ ও কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবো।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখার সদস্য সচিব ইয়াছিন আলী বলেন, “রংপুর মহানগরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: আল এমরান সুজনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে পারব বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমরা সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করব এবং রংপুর মহানগরে গণঅধিকার পরিষদকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
নতুন নেতৃত্ব ঘোষণার পর রংপুর মহানগরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন।
এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার, সুশাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় রয়েছে। সংগঠনের চলমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সারা দেশেই শাখা কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে, যা দলকে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে।