স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, সিলেট, হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
সিলেট অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত ও কার্যকর চিকিৎসা দিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো। এর অংশ হিসেবে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শামসুদ্দিন হাসপাতালে বিশেষভাবে
পি-আইসিইউ সেবা চালু রাখা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত যেসব শিশু শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা অন্যান্য জটিলতায় ভুগছে, তাদের জন্য পি-আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট, মনিটরিং ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত
রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো চিকিৎসা ও সঠিক পরিচর্যা পেলে অধিকাংশ শিশুই সুস্থ হয়ে ওঠে। তবে জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো অত্যন্ত জরুরি।
এদিকে স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে।