হাজীগঞ্জে মাদরাসা পরিচালককে হেনস্তার প্রতিবাদ, ইমামের খেতাবত ফিরিয়ে দেওয়ার দাবি ইসলামিক ফ্রন্টের
চাঁদপুরের হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ শহর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. জুনায়েদ হোসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেনস্তার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির চাঁদপুর জেলা শাখা।
বুধবার, ১৪ অক্টোবর সকালে জুনায়েদ হোসাইন পরিচালিত হাজীগঞ্জ উম্মেহানী সুন্নীয়া হাফিজিয়া ও দাখিল মাদরাসায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, ওই ঘটনায় জুনায়েদ হোসাইনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও একটি মহল ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাদরাসা ও পরিচালকের বিরুদ্ধে অপপ্রচার চালায়। জেলা নেতৃবৃন্দের ভাষ্য, বিষয়টি তদন্ত করে তারা জুনায়েদ হোসাইনের বিরুদ্ধে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাননি।
বিবৃতিতে আরও বলা হয়, মাদরাসার দারোয়ানকে পুলিশের কাছে সোপর্দ করার পরও মাদরাসার ম্যানেজারের ওপর হামলা ও পরিচালককে হেনস্তার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন।
এ ছাড়া দীর্ঘ ১৫ বছর বিনা পারিশ্রমিকে একটি মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করা জুনায়েদ হোসাইনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি এবং আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
সংগঠনটির জেলা কমিটির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. শেখ ফরিদ মজুমদার।