মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মোঃ শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহরিয়ার ইসলাম রকি খুলনার টুটপাড়া এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরাজিমের আপন ভাই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া গ্রুপটির বিরুদ্ধে নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট ৯টি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সূত্র।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রকিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।