সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

‎রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‎রংপুর ব্যুরোঃ আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার ও কন্ডাক্টরের বিরুদ্ধে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর পালিয়ে গেছেন। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত অপর যাত্রীর নাম আতিকুল ইসলাম।

‎

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১২৩৯৯০) রোববার সকালে তারাগঞ্জ উপজেলার জিগারতল এলাকায় পৌঁছায়। বাসে থাকা মুকুল ও শাকিলের সঙ্গে ভাড়া নিয়ে বাসের কর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, ভাড়া নিয়ে বিরোধের জেরে বাসের সুপারভাইজার ও কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। চলন্ত বাস থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুকুল ও শাকিল। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ সময় একই বাসের আরেক যাত্রী আতিকুল ইসলামও আহত হন। হঠাৎ এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই ব্যক্তি ও আহত যাত্রীকে উদ্ধার করেন। তাদের দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

‎

‎এদিকে, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ভাড়া নিয়ে বিরোধের জেরে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের এমন আচরণ অত্যন্ত নৃশংস ও অমানবিক। নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে ওঠা যাত্রীদের এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই শ্রমজীবী মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার-স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category