দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসায় মাদকবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল কুদ্দুস (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম রমজানপুর বউ বাজার এলাকার আব্দুল গাফফারের ছেলে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ জুয়েল শেখ (২১) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দেয়াড়া এলাকার ইসরাফিল শেখের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।