মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রির চুক্তি হয়েছিল ১৫ মাস বয়সী শিশু আলামিনকে। ঘটনার দুই দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর হস্তক্ষেপে মোংলা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ইউএনওর বাসভবনে শিশুটির ক্রেতা পক্ষ ও তার মাকে হাজির করা হয়। এ সময় শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এর আগে বুধবার (১১নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে বিক্রির চুক্তি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে অনিকা আক্তার প্রায় দুই বছর আগে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ওই সময় হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে আলামিন। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস। অনিকার দাবি, তাঁর স্বামী হাসান চৌধুরীর কোনো ঠিকানা এখন পাওয়া যাচ্ছে না।অনিকার অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁর স্বামী স্ত্রী-সন্তানের খোঁজখবর রাখা বন্ধ করে দেন। একপর্যায়ে সংসারে চরম আর্থিক সংকট দেখা দেয়। এর মধ্যে তিনি নিজেও জটিল রোগে আক্রান্ত হন।