শিরোনাম :
জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিতে রংপুরের দুই নেতা জেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস শাহিনুর শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপসায় মানববন্ধন পিটিয়ে হত্যা করা হল কৃষকের গরু  মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য রংপুরে বিএনপি ছেড়ে ৪৩ নেতা-কর্মীর এনসিপিতে যোগদান
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রংপুর প্রতিনিধি:

দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাবে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ক্রমাগত বেড়ে চলেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং জনগণের ওপর একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি সরকার আমলে নিচ্ছে না।”

রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী বলেন, “জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলেছে। অবিলম্বে এসব খাতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে জনবান্ধব নীতি গ্রহণ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেন, “দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নির্যাতনসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। সরকার জনগণের মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে বারবার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।”

তিনি আরও বলেন, “জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু একটি খাতের সমস্যা নয়; এটি দেশের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এর ক্ষতিকর প্রভাব বহন করছে। তাই জনগণের স্বার্থে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।”

রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি খাতের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনগণ আজ দিশেহারা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেই। আমরা জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ সময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “দেশের জনগণ স্বস্তি চায়, তারা বারবার মূল্যবৃদ্ধি দেখতে চায় না। সরকার যদি সত্যিই জনগণের কল্যাণে কাজ করতে চায়, তাহলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে মূল্যবৃদ্ধির পরিবর্তে দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের জীবনমান উন্নয়নের জন্য জনমুখী অর্থনৈতিক নীতি গ্রহণের বিকল্প নেই।”

সমাবেশ শেষে বক্তারা অবিলম্বে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category