রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৭ নং গোপীনাথপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ-যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে এবং চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্থানীয়রা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বুড়ির পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের প্রথম আসর ‘সিজন-০১’। ম্যাচে মুখোমুখি হয় সেক্রেটারি পাড়া ইয়াং স্টার ক্লাব ও চৌধুরী ফাউন্ডেশন ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেক্রেটারি পাড়া ইয়াং স্টার ক্লাব ৪-১ গোলে চৌধুরী ফাউন্ডেশন ক্লাবকে পরাজিত করে।
খেলা দেখতে দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, কিশোর, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। ম্যাচ শুরুর পর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনা। খেলোয়াড়দের নৈপুণ্য, দ্রুতগতির পাস ও গোলের সুযোগে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শুধু ফুটবল খেলা নয়, বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। আয়োজকরা জানান, বর্তমান সময়ে মাদকের কারণে অনেক তরুণ বিপথগামী হচ্ছে। তাই তরুণদের মাঠমুখী করা, নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মো. মাহবুবুর রহমান চৌধুরী (লাবলু)। বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সন্তানরা যেন কোনোভাবেই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, সেজন্য শুধু প্রশাসন নয়, সমাজ ও পরিবারকেও এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। আজকের এই আয়োজন প্রমাণ করেছে, আমাদের তরুণরা সচেতন এবং তারা সমাজকে একটি ইতিবাচক বার্তা দিতে চায়।’ তিনি আরও বলেন, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন প্রয়োজন। চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে চৌধুরী ফাউন্ডেশনের সদস্য মোখলেছুর রহমান, মারুফ চৌধুরী ও মামুনুর রহমান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, মাদকবিরোধী এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে সৌজন্য ও বিশেষ সহযোগিতা করেছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ঢাকা অটো এন্ড ব্যাটারী হাউজ’, মুচিরহাট। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আসাদুল হক বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ আয়োজনে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও সমাজ ও তরুণদের কল্যাণে এ ধরনের উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা গেলে তরুণদের একটি ইতিবাচক পরিবেশের মধ্যে রাখা সম্ভব। আয়োজকরা জানান, মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের এ আয়োজনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, গোপীনাথপুর ইউনিয়নের এ উদ্যোগ মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি আশপাশের এলাকার তরুণদেরও খেলাধুলায় উৎসাহিত করবে।