রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল-মিটিং বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করার আহবান জানান নেতাকর্মীরা নয়তো এর ফলাফল ভালো হবে না আপনাদের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বদরগঞ্জ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান কবির বলেন, ‘বদরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের কেউ যদি কোনো মিছিল-মিটিং করার চেষ্টা করে, তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই বদরগঞ্জে।’
বদরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলীরাজ বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর ওপর হামলা বা আঘাতের ঘটনা ঘটলে এর পরিণতি ভালো হবে না। তবে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেদিকেও সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হুদা নাজু বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না।’ তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়, সেদিকে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে সেই কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন, যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলামসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।