নিজস্ব প্রতিনিদি হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) ঘিরে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তথ্য উদ্যোক্তা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার পরিবর্তে কেন্দ্রটি পরিচালনা করছেন তারই বড় ভাই—ইউপি সদস্য আবু নাসের সুমন।
স্থানীয়দের অভিযোগ, ইউআইএসসির তথ্য উদ্যোক্তা তানভীর নিয়োগ পাওয়ার পর থেকেই এলাকায় অনিয়মিতভাবে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় ধরে সেবা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। তার অনুপস্থিতির সুযোগে তার বড় ভাই ইউপি সদস্য আবু নাসের সুমন কেন্দ্রটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ আরও রয়েছে, জন্ম নিবন্ধন ও সংশোধনসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নিয়ে সেবা গ্রহীতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য আবু নাসের সুমন দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল তাকে দায়িত্ব দিয়েছেন বলেই তিনি কেন্দ্রটির কার্যক্রম দেখভাল করছেন।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান নুরুল আমিন হেলালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা এ ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।