সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে প্রাণ গেল সাপের কামরে আহত মাদ্রাসাছাত্রীর।
মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সুনিয়া আক্তার (১৬) নামের এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকদের এই গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করুণ মৃত্যু হয়।
নিহত সুনিয়া আক্তার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে এবং স্থানীয় চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে দংশন করার পর দ্রুত সুনিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর সেখানে কোনো সঠিক চিকিৎসা বা সাপের কামড়ের প্রয়োজনীয় ইনজেকশন বা এন্টিভেনাম সময়মতো দেওয়া হয়নি।
স্বজনদের অভিযোগ, চিকিৎসাপত্রে সাপের কামড়ের সঠিক চিকিৎসা বা ওষুধ লেখার ক্ষেত্রে চিকিৎসকরা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও চিকিৎসকদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে ছটফট করলেও চিকিৎসকরা কোনো সুচিকিৎসা নিশ্চিত করেননি, বরং উদাসীনতা দেখিয়ে সময় ক্ষেপণ করেছেন। চিকিৎসকদের এই অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই সুনিয়াকে বাঁচানো সম্ভব হয়নি বলে দাবি তাদের।
হাসপাতাল চত্বরে সুনিয়ার স্বজনদের বুকফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। হাসপাতালের এমন অমানবিক আচরণ ও অবহেলার কারণে একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষী চিকিৎসকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
০১৭৪৫৯৩৯৪৪৮