শিরোনাম :
আলফাডাঙ্গায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ গেল রংপুরের এক দফাদারের রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু রংপুরের আলোচিত রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনুসহ গ্রেপ্তার ৩ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা ‎মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

রংপুরের আলোচিত রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনুসহ গ্রেপ্তার ৩

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরের কাউনিয়ায় প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মী ফখরুল আলম ওরফে রতন (৫০) হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রদল নেতা মজনু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়া এলাকার মসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

‎

‎স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মজনু মিয়া কুর্শা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবও তাঁর সাংগঠনিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া গ্রেপ্তার লুৎফর রহমান ও রিপন মিয়াও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে এ বিরোধের পেছনে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের বিষয়টিও আলোচনায় রয়েছে।

‎

‎গত ১৯ অক্টোবর বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে রতনের ওপর হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল আলম ওরফে রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। তাঁর বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়ন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎

‎এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে গত ২০ অক্টোবর কাউনিয়া থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

‎

‎এদিকে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখে এসআরবি। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, লক্ষ্মীপুরে এসআরবি রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে। কাউনিয়া থানার একটি দল আসামিদের নিয়ে রওনা হয়েছে।

‎

‎এসআরবি-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন হত্যা মামলা দায়েরের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। তাঁদের গ্রেপ্তারে এসআরবি-১৩ ছায়া তদন্ত শুরু করে। তদন্ত ও গোয়েন্দা নজরদারির একপর্যায়ে বৃহস্পতিবার লক্ষ্মীপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category