খুলনা প্রতিনিধি: খুলনার আড়ংঘাটা থানাধীন ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ আব্দুল্লাহ আল মামুন ও নাসিম মোড়লের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ভুক্তভোগী ইসমাইল কবির (৩৩)।
ভুক্তভোগী ইসমাইল কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মৃত ইয়াকুব আলী ও খোদেজা বেগমের ছেলে। তাঁর ক্রয়কৃত জমি নিয়ে দৌলতপুর সহকারী জজ আদালত, খুলনায় জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলাটির নম্বর ১৮৭/১৯।
অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৮), পিতা মোঃ আব্দুল মান্নান, মাতা মোসাঃ হাছনা, সাং হোল্ডিং নং-১৯, পদ্মা অয়েল কোম্পানি, পোস্ট আড়ংঘাটা, জেলা খুলনা এবং আড়ংঘাটা নিবাসী নাসিম মোড়ল বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি জমিটি জোরপূর্বক দখলের চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ইসমাইল কবির আরও জানান, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের কার্যালয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ উভয় পক্ষকে জানান, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ বর্তমান অবস্থানে থাকতে হবে।
তবে অভিযোগ অনুযায়ী, সালিশ বৈঠক শেষ হওয়ার পরপরই নাসিম মোড়ল তাঁকে উদ্দেশ্য করে বলেন, আগামী রবিবার সকালের মধ্যে বাড়ির গেটের চাবি তাঁর কাছে হস্তান্তর করতে হবে। অন্যথায় তাঁকে ও তাঁর পরিবারকে বড় ধরনের সমস্যায় ফেলার পাশাপাশি জমি জোরপূর্বক ঘিরে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ইসমাইল কবির ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।