রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)
রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উদ্দিন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর’ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নির্মিত প্যান্ডেল, বৈদ্যুতিক সংযোগ ও লাইটিংয়ের সরঞ্জাম খুলে নেওয়ার কাজ করতে বুধবার সকাল ৮টার দিকে মন্দিরে যান শাকিল। প্যান্ডেল খোলার কাজ শেষ হওয়ার পর বিদ্যুতের লাইন ও লাইটিংয়ের সরঞ্জাম অপসারণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় জেনারেটরে হাত দিতে গেলে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাকিল।ঘটনার পর মন্দিরে উপস্থিত লোকজন ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এদিকে, অল্প বয়সী শাকিলের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, দুর্গাপূজার প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।