বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। সামাজিক ও শরীরচর্চাবিষয়ক সংগঠন গ্রীন লাইফের উদ্যোগে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী দক্ষিণ চন্দনীমহল ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজি ইদ্রিস আলী। এরপর পবিত্র গীতা পাঠ করেন কাটানি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুন্ডু। অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ জন, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২ জন, সরকারি স্টার জুট মিল মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, হাসেনিয়া দাখিল মাদ্রাসার ১ জন এবং পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।
গ্রীন লাইফের সভাপতি ও প্রতিষ্ঠাতা শেখ রওশন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন এবং ডক্টর এস কে বাকার কলেজের প্রভাষক মুহাম্মদ ইলিয়াস হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম এবং ১২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদ জামান, আলোর মিছিলের উপদেষ্টা মোল্যা মাসুদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ, গ্রীন লাইফের উপদেষ্টা সিদ্দিকুর রহমান, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কায়কোবাদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজামাল, স্বপন দে, চন্দনীমহল স্পোর্টিং ক্লাবের পরিচালক ও সাংবাদিক বেনজীর আহমেদ মুকুল, মুজাহিদুল ইসলাম কল্লোল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে গ্রীন লাইফের সদস্যবৃন্দ, চন্দনীমহল বাজার কমিটির সভাপতি গাজী মুস্তাইনুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ড ও শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলতেই গ্রীন লাইফের এ আয়োজন। কৃতি শিক্ষার্থীদের এমন সম্মাননা ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।