মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ সুগম হবে।