
মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কলেজের অধ্যক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক, সন্ত্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা গুরুত্ব পায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম উপস্থিত সবার মতামত শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় নবাগত এসিল্যান্ড মাহামুদ হোসেন রাজু রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।