তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
অভিযানে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়।কাস্টমস সূত্রের বরাতে জানা যায়, সিলেট ভ্যাট কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা জানান, রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।