মোঃ মাসুম সরদার : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ই সলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (৯ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বারইখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে। র্যাব জানায়, অভিযানে তার হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদুলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।