পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তসলিম তালুকদারের একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিকপক্ষ। মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।তসলিম তালুকদারের দাবি, পুকুরটিতে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। মাছগুলো বড় হওয়ায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছগুলো খাবার খাচ্ছিল না। কিছুক্ষণ পর একে একে মাছ মরে পানির ওপর ভেসে উঠতে শুরু করে। তাদের ধারণা, আগের রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। সকালে খাবার দেওয়ার সময় মাছগুলো পানির ওপর ভেসে ওঠেনি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপর ভেসে উঠতে থাকে। এ ঘটনায় সদর থানায় জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মহসিন তালুকদার বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন, মাছগুলো ধীরে ধীরে মরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।স্থানীয় আবু হোসেন মল্লিক বলেন, ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে তিনি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।